শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্যাপনের আহ্বান জানান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাধবপুর শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে মন্ত্রীর কর্মসূচি শুরু হয়। পরে তিনি আদমপুর সার্বজনীন পূজামণ্ডপ ও মুন্সীবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মাধবপুর শিববাজারে পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও দল কাজ করছে। সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসব উদ্যাপনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য দেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন এবং শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপের সভাপতি অনিল কুমার সিংহ।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), যুগ্ম সচিব দেবজিত সিংহ, উপসচিব বিজন কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এ ছাড়া স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এমএ
