পৃথিবীর দুই প্রান্তে দু’টি যুদ্ধ চলছে। এর মধ্যে আন্তর্জাতিক মহল হাত গুটিয়ে অসহায়ের মতো বসে থাকতে পারে না। পূর্ব ইউরোপে রাশিয়া-ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইজ়রায়েল-ইরানের যুদ্ধ থামাতে সকলের সচেষ্ট হওয়া উচিত। এমনটাই মনে করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যুদ্ধ থামাতে ভারতও সক্রিয় ভূমিকা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার রাষ্ট্রপুঞ্জ দিবস উপলক্ষে দিল্লিতে চিন্ময় অমৃত মহোৎসব আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থান সেখানে আরও একবার স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন, যে কোনও ধরনের সংঘাত থামানোর একমাত্র উপায় আলোচনা এবং কূটনীতি। জয়শঙ্করের কথায়, ‘‘পৃথিবীতে বর্তমানে দুটো বড় সংঘাত চলছে। একটা ইউক্রেনে, অন্যটা পশ্চিম এশিয়ায়। এর ফল ভুগতে হচ্ছে তাঁদের, সংঘাতের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত যাঁদের কোনও সম্পর্ক নেই। যাঁদের এখানে কিছুই করার নেই, তাঁরাই যুদ্ধের মূল্য চোকাচ্ছেন।’’
যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা বলতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, ‘‘আমরা অসহায় দর্শক হয়ে থাকতে পারি না। ভারত সবসময় আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার পক্ষপাতী। আমাদের এই আবেদনের মাধ্যমে বিশ্বজনীন মনোভাবেরই প্রতিফলন ঘটে।’’ ভারত কী করছে? জয়শঙ্কর জানান, যুদ্ধ থামাতে ভারত নিজেদের মতো করে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে অন্য যে কোনও দেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেও প্রস্তুত নয়াদিল্লি।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাতে পাকিস্তান শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে। আমেরিকা, ইজ়রায়েল ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে একাধিক আলোচনার আয়োজনও করেছে তারা। ভারতও যুদ্ধ থামাতে নিজেদের মতো চেষ্টা করছে, জানালেন বিদেশমন্ত্রী। তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও উত্তপ্ত। সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। হরমুজ় প্রণালীতে অচলাবস্থা অব্যাহত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
