মুক্তির পর বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার ২’। মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বজুড়ে প্রায় ২০৮ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। শক্তিশালী এই আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে ছবিটি তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার দৌড়েও এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ভারতের বক্স অফিসে প্রায় ৪১ কোটি রুপি আয় করেছে ‘জেলার ২’। প্রথম দিনের তুলনায় আয় কমেছে প্রায় ৩৮ শতাংশ। তবে বড় পরিসরে মুক্তি পাওয়া দক্ষিণী সিনেমার ক্ষেত্রে এই আয় ধরে রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১০৮ কোটি রুপি। এর মধ্যে মুক্তির প্রথম দিনে আয় ছিল প্রায় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি এবং দ্বিতীয় দিনে ৪১ কোটি ২৫ লাখ রুপি।
বিজ্ঞাপন
ভারতের বাইরেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি। দ্বিতীয় দিনে আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৪৩ কোটি রুপি আয় করেছে ‘জেলার ২’। সব মিলিয়ে ওই দিনে বিশ্বজুড়ে আয় দাঁড়িয়েছে প্রায় ৮৪ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী মোট আয় প্রায় ২০৮ থেকে ২০৯ কোটি রুপি।

ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে তামিলনাড়ুতে সিনেমাটির আয় প্রায় ৩৭ কোটি ৫০ লাখ রুপি। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় সম্মিলিতভাবে ২২ কোটি, কর্ণাটকে ২০ কোটি ৫০ লাখ এবং কেরালায় ২০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছে আরও প্রায় ৮ কোটি রুপি।
বক্স অফিসের এই গতি অব্যাহত থাকলে প্রথম চার দিনের বর্ধিত ছুটিতে বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা দেখছে পিঙ্কভিলা। এমনকি উৎসবের ছুটিকে কাজে লাগিয়ে পাঁচ দিনের মধ্যে ৫০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছাতে পারে সিনেমাটি- এমন পূর্বাভাসও দিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে এসব আয় ও ভবিষ্যৎ সংগ্রহের হিসাব বাণিজ্য বিশ্লেষণভিত্তিক আনুমানিক পরিসংখ্যান; চূড়ান্ত বা নিরীক্ষিত হিসাব নয়। ফলে ‘জেলার ২’ শেষ পর্যন্ত কত আয় করে, তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী দিনের বক্স অফিস প্রতিবেদনের জন্য।
বিজ্ঞাপন
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
