আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে মাঠের কর্মসূচি নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব ইস্যুতে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি।
এরপর ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণা এবং আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজ রোববার এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন (এমপি)। সভায় রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত অংশ নেন।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ অক্টোবর ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হবে। এর উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। কর্মসূচিতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন। আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিষয়গুলোতে জনমত গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। গণসংযোগ শেষে ৩০ অক্টোবর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠপর্যায়ে সক্রিয় থাকবে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দলের নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় কাজ করবেন। পাশাপাশি দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী আসনের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে দলটি। আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজ আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে।
