সিলেটের জৈন্তাপুরে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভা শেষে উপজেলার ২১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা ও অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব।
সভায় বক্তারা দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি প্রদীপ শর্মা, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শংকর দাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, বিজিবির কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন, আনসার-ভিডিপি কমান্ডার মাসুক মিয়া, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান ও ফায়ার সার্ভিসের ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের সিএ তাপস দাসের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলার ২১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।
সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা ও অনুদানের অর্থ বিতরণ করা হয়।
