The Sangbad · জীবনধারা
প্রাতর্ভ্রমণে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
১৩/১০/২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন - দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রাতর্ভ্রমণে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তারা হেঁটে হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়েন। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
মূল প্রতিবেদনে যান ↗