ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জালাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাতে হালুয়াঘাট থানায় মামলাটি করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কড়াইতলী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক রফিকুল ইসলাম। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে হালুয়াঘাটের সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত পিলার ১১১৯ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১ হাজার গজ দূরে ঝলঝলিয়া এলাকায় ভারত থেকে অবৈধ পথে চারটি গরু আনার খবর পান তাঁরা। পরে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে চারটি গরু আটক করেন। এর মধ্যে দুটি লাল ও দুটি সাদা রঙের গরু ছিল। গরুগুলোর আনুমানিক মূল্য চার লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, গরুগুলো আটকের পর ফেরার পথে ঝলঝলিয়া এলাকায় বিজিবি সদস্যদের পথরোধ করেন চোরাকারবারিরা। তাঁরা দেশীয় অস্ত্র, ধারালো রামদা ও বাঁশের লাঠি নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা করেন। এ সময় আটক চারটি গরুর মধ্যে দুটি ছিনিয়ে নেওয়া হয়। বাকি দুটি গরু বিজিবি সদস্যরা নিজেদের হেফাজতে রাখেন।
এজাহারের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে বিজিবি সদস্যরা সতর্কতামূলক চারটি ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে হামলাকারীরা বিজিবি সদস্যদের ওপর আবারও আক্রমণ করেন। এতে ধস্তাধস্তিতে গুলি বের হয়ে অভিযুক্ত রোমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। বিজিবি সদস্যদের দাবি, হামলাকারীরা লাঠি দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
মামলায় নাম উল্লেখ করা তিন আসামি হলেন—হালুয়াঘাটের সংগ্রা গ্রামের তোলা মিয়ার ছেলে আতিকুল ইসলাম (৪০), বেতকুড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোমান (৩৫) এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামের আকবর আলীর ছেলে আবদুল্লাহ (৩৫)। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
