কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে মাছ শিকার বন্ধে রাতভর অভিযান চালিয়ে কয়েক কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ করেছে পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর; শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত চলা এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে মাছ শিকারিদের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর। নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল ব্যবহার এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত দুধকুমার নদের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড় ইউনিয়নের ধাউরারকুঠি পর্যন্ত নদের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদ থেকে কয়েক কিলোমিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে দুধকুমার নদে অবৈধ কারেন্ট ও চায়না জাল দিয়ে মাছ শিকার করে আসছে একটি অসাধু চক্র। এ ছাড়া আইপিএস ও উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ শিকার করা হচ্ছে। মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী মাছ আহরণে নিষেধাজ্ঞা চলছে। তবে সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে দুধকুমার নদে মাছ আহরণ অব্যাহত রেখেছেন জেলেরা।
অবৈধভাবে মাছ আহরণ বন্ধে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ও ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, নদটি সরু ও বিভিন্ন স্থানে চরবেষ্টিত হওয়ায় দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে সরে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। মৎস্য ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
