পুরোনো বাংলা গান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি আর চুলে সাদা ফুলের গাজরা—এমন স্নিগ্ধ সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর এই পূজার সাজ ও নান্দনিক উপস্থাপনা নজর কেড়েছে অনুরাগীদের।
জয়ার পরনে ছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কোটা শাড়ি। চুলে সাদা ফুলের গাজরা আর পরিমিত সাজসজ্জায় ফুটে উঠেছে বাঙালিয়ানার চিরচেনা আবহ। জাঁকজমকের বদলে ঐতিহ্য ও সরলতাকে প্রাধান্য দিয়ে সাজটি তুলে ধরেছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত রিলে ব্যবহৃত হয়েছে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুরের সঙ্গে জয়ার পোশাক ও অভিব্যক্তিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। চুলের ফুল, শাড়ির ঐতিহ্যবাহী নকশা এবং সাবলীল উপস্থিতি তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
রিলের ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আজ ঝরাপাতার পথে পথে উৎসবেরই সুর…’। ঋতু পরিবর্তনের অনুভূতি ও উৎসবের আগমনী আবহ ফুটে উঠেছে তাঁর এই কাব্যিক পঙ্ক্তিতে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নান্দনিক উপস্থিতির জন্যও অনুরাগীদের নজরে থাকেন জয়া আহসান। এবারও ঐতিহ্যবাহী পোশাক ও পুরোনো বাংলা গানের সমন্বয়ে তাঁর এই উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।
এমএম/
