নওগাঁর আত্রাইয়ে সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া এসব চারা নওগাঁ-আত্রাই আঞ্চলিক মহাসড়কের পাশে রোপণ করা হয়। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পুরাতন রেলওয়ে স্টেশন পর্যন্ত এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতিকে সবুজ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। জেলা প্রশাসকের এ উদ্যোগের ফলে ভবিষ্যতে আত্রাইয়ের সড়কটি কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে আকর্ষণীয় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, সেগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ জরুরি। এ কাজে স্থানীয় জনগণসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী এবং শ্রমিক দল নেতা মো. পলাশ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং আঞ্চলিক মহাসড়কের নান্দনিকতা বাড়াতে এ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
The post আত্রাইয়ে সড়কের সৌন্দর্য বাড়াতে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ appeared first on ভোরের চেতনা.
