শেষ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ চার ওভারে আফগানদের প্রয়োজন ছিল ৪১ রান, হাতে ছিল চার উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬ রানের মধ্যে শেষ চার উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা। বল হাতে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক রুবাই ইসলাম রিজন।
রোববার (১৮ অক্টোবর) পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১১ রানেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে জারিফ সিয়ামের অর্ধশতকের পর রাকিবুল হাসান ও আহসান আল মুমিনের ১১৭ রানের জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।
রাকিবুল ৭৯ রানে অপরাজিত থাকেন। আহসান আল মুমিন করেন ৫৪ রান। আর জারিফ সিয়ামের ব্যাট থেকে আসে ৫০ রান। তাঁদের অবদানে নির্ধারিত ইনিংসে ২৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে আফগানিস্তানও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একপর্যায়ে ১৬৮ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে হামজা খান ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুললে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হয় আফগানদের।
শেষ চার ওভারে ৪১ রান প্রয়োজন হলেও তখনো তাদের হাতে ছিল চার উইকেট। কিন্তু ৪৭তম ওভারে সোহেল খানকে ২১ রানে ফিরিয়ে আফগানদের পতন শুরু করেন রুবাই ইসলাম রিজন। একই ওভারে হামজা খানকেও ফিরিয়ে দেন তিনি। পরে শেষ উইকেটটিও তুলে নেন রিজন। এর মাঝে শেখ আতিকুর রহমান নেন নবম উইকেট।
শেষ পর্যন্ত ২১৭ রানে অলআউট হয় আফগানিস্তান। ৮.২ ওভার বল করে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন রিজন। শেষ দিকে তাঁর দুর্দান্ত বোলিংয়েই সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল বাংলাদেশ।
এমএ
