নেত্রকোণার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে কলমাকান্দায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে কলমাকান্দা উপজেলার ফকির বাড়ি মোড়ে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। একপর্যায়ে তারা কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহতের ভাই-বোন, স্কুলশিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।
গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার উতরাইল বাজার এলাকায় সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করছে পুলিশ।
