কালবেলা · আন্তর্জাতিক
প্যারিসে এলোপাতাড়ি গুলিতে হতাহত ৫
২৪/১০/২০২৬

ফ্রান্সের রাজধানী প্যারিসে গুলিতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার ত্রাপ শহরে গাড়ি থেকে গুলি চালানোর এ ঘটনা ঘটে। এর পেছনে সন্ত্রাসী উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ত্রাপের মেয়র আলি রাবেহ ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভিকে বলেন, হামলাকারী গাড়ি চালিয়ে ত্রাপ ও পাশের লা ভেরিয়ের এলাকায় এলোপাতাড়ি গুলি চালান। তার উদ্দেশ্য ছিল ব্যাপক প্রাণহানি ঘটানো।
লা ভেরিয়েরের মেয়র নিকোলা দানভিল জানান, গুলিতে ১২ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হয়েছে। তাকে আটবার গুলি করা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ঘটনাটিকে স্পষ্টতই সন্ত্রাসী অপরাধ বলে বর্ণনা করেছেন। সন্দেহভাজন ৩৯ বছর বয়সী ব্যক্তিকে কাছের কোয়েনিয়ের শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ত্রাপের মেয়র আলি রাবেহের আশঙ্কা, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদ থেকে অনুপ্রাণিত হয়ে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ হতাহতদের প্রতি সংহতি জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু ঘটনাটিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে বলেছেন, নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ ও সাম্প্রতিক সহিংসতার কারণে ফ্রান্সে উত্তেজনা বিরাজ করছে। এ সপ্তাহান্তেও নতুন বিক্ষোভের আশঙ্কায় পুলিশি উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্র: শাফাক নিউজ
মূল প্রতিবেদনে যান ↗