নওগাঁর মান্দায় ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন’—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠসংলগ্ন সড়কে মাইকিং করেন। এ সময় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে ঘোষণা দেওয়া হয়। মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে আসে। পরে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া এলাকার মো. আব্দুল জলিল সরকার (৫০)। পুলিশের ভাষ্য অনুযায়ী, শহিদুল ইসলাম শহীদ ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মাইকিংয়ের ঘটনা সম্পর্কে তিনি জানতেন বলে পুলিশ দাবি করেছে।
অন্যদিকে, আব্দুল জলিল সরকার মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ। অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মাইকিংয়ের প্রকৃত উদ্দেশ্য এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
The post শেখ হাসিনা আসার ঘোষণা দিয়ে মাইকিং, মান্দায় গ্রেপ্তার ২ appeared first on ভোরের চেতনা.
