জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বনানীর বাসায় অসুস্থ হওয়ার পর ইউনাইটেড হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার স্ত্রী নুরজাহান বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
পরে রাজনীতিতে যোগ দেন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
