সফিপুরে ইবনে সিনার ছয়তলা ভবনে আগুন
গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
জার্নার ডেস্কগাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বিকেল ৪টা ২২ মিনিটে সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন লাগে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি পৌঁছায়।
বিকেল সোয়া ৫টার দিকে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট সেখানে কাজ করছিল। এর প্রায় ১৫ মিনিট পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সেখানে যায়।
এ বিষয়ে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে ফোনে যোগাযোগ করা হলে একজন টেলিফোন অপারেটর ফোন ধরেন।
তিনি বলেন, সফিপুর আনসার ক্যাম্পের উল্টো দিকে তাদের প্রধান কারখানা। তবে সেখানে আগুন লাগার কোনো খবর তিনি জানেন না।
বাংলাদেশ জার্নাল/এনএম