শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার দৌলতপুর ও আড়ংঘাটা থানার আওতাধীন খুলনা-৩ আসনের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান এবং মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুরোহিতদের জন্য বিশেষ উপহার হিসেবে নতুন বস্ত্র পাঠিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী ব্যক্তিগত প্রতিনিধিদের মাধ্যমে এই আর্থিক অনুদান ও উপহার সামগ্রী সংশ্লিষ্ট মণ্ডপগুলোতে পৌঁছে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি খুলনা মহানগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ আলী ও সদস্যসচিব চৌধুরী শফিকুল ইসলাম হুইপ বকুলের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি মূলত একটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলার উপলক্ষ। ধর্মীয় ভেদাভেদ ভুলে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এই উৎসব মুখর হয়ে ওঠে।” ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর খুলনা গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
হুইপ বকুলের পক্ষ থেকে সবার পূজা আনন্দময় ও নিরাপদ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করা হয় এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়।
উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্য সাজ্জাদ আহসান পরাগ, প্রকৌশলী সত্যানন্দ দত্ত, অ্যাডভোকেট সত্যজিৎ সাহা, প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, শ্যামল কুমার রায়, বিপ্লব ভৌমিক, উজ্জ্বল দাস এবং পূজা উদযাপন পরিষদের নেতা মাধব চন্দ্র রুদ্র, অজয় কুমার দে, চৈতন্য কুণ্ডু ও প্রতুল সরকার প্রমুখ।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা হুইপ বকুলের এই মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
