শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৬৫টি পূজামণ্ডপের অনুকূলে মোট ৩৯ টন চাল বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেল ৪টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে চাল বরাদ্দের সরকারি ডিও লেটার তুলে দেন।
জানা গেছে, চলতি বছর তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৬৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উদ্যাপনে সহায়তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি (৩৯ টন) চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ডিওয়াই লেটার বিতরণ অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলার আমির এস এম আলমগীর হোসেন, কাজী শামসুল হুদা ও আমিনুল ইসলামসহ পূজা উদ্যাপন পরিষদ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
