দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামে জুড়ী নদীর ভাঙনে বসতভিটা ও ঘরবাড়ি বিলীনের মুখে পড়েছে হতদরিদ্র কয়েকটি পরিবার। অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পুরো গ্রামটি। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্যের প্রতি জোর দাবি জানিয়েছে ভুক্তভোগি পরিবারগুলো।
সরেজমিনে গেলে নদী ভাঙন কবলিত ভুক্তভোগি পরিবারের কর্তা আব্দুল মালিক, ইলিয়াস আলী, ইসরাব আলী, ইয়াজ আলী, আয়াজ আলী, আবুল কালাম প্রমুখ জানান, অব্যাহত নদী ভাঙনে উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটছে আমাদের পরিবারগুলোর। বসতভিটা মানেই মাথা গোঁজার ঠাঁই, পরিবারের নিরাপদ আশ্রয়। কিন্তু সেই আশ্রয়ই এখন নদী ভাঙনে ধীরে ধীরে বিলীন হওয়ার পথে। নদীর অব্যাহত ভাঙনে আমাদের বসতভিটা ও ঘরবাড়ি মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে আমাদের অনেকের বসতবাড়ির অর্ধেক, কারো রান্নাঘর, নিজ হাতে রোপিত গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে গৌরীপুর গ্রামের শতাধিক পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকু আর অবশিষ্ট থাকবে না।
ভুক্তভোগীরা সরেজমিন পরিদর্শনপুর্বক নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন ও ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসন করতে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর প্রতি জোর দাবি জানিয়েছেন।
