মাগুরার মহম্মদপুরে কৃষকের কলাবাগানের প্রায় এক হাজার কলাগাছ কলাসহ কেটে ফেলার অভিযোগে আয়ুব আলী (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলার পাল্লা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে কৃষক জয়দার মোল্লার জমিতে থাকা প্রায় এক হাজার কলাগাছ কলাসহ কেটে ফেলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়ুব আলীকে আটক করে পুলিশ।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক জয়দার মিয়া বাড়ির পূর্ব পাশে গোরস্তানসংলগ্ন ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরিতে এনজিওসহ বিভিন্ন মাধ্যম থেকে প্রায় চার লাখ টাকা ঋণ নেন তিনি।
কলাগাছগুলোতে ইতোমধ্যে কলার কাঁদি ও ছড়া আসতে শুরু করেছিল। এর মধ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুরো বাগানটি কেটে ধ্বংস করে দেয়। এতে আনুমানিক ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, কলাগাছ কাটার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আয়ুব আলীকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমএস/
