ধর্মীয় প্রতিষ্ঠান শুধু উপাসনার স্থান নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
শিশু-কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা, নৈতিকতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজ নিজ এলাকার প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে তিনিও আনন্দিত। এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যা সমাধানে জনপ্রতিনিধি হিসেবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সমস্যা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে কাজ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এলাকায় একাধিকবার পরিদর্শন ও মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে এলাকার গ্যাসসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে সবাইকে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
