ঢাকা,২২ অক্টোবর-মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশকে প্রথমে শাস্তি মনে হলেও পরে বুঝতে পেরেছেন, এর মাধ্যমে বড় ধরনের একটি চক্রান্ত থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে এখন পর্যন্ত তাঁর জীবনের সেরা পরামর্শটি দিয়েছিলেন। তিনি এককথায় সেই পরামর্শ মেনে নিয়েছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ২৩ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান ইশরাক হোসেন। স্ট্যাটাসে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছিলেন, যা তিনি এককথায় মেনে নিয়েছিলেন। প্রথমে বিষয়টিকে শাস্তি মনে হলেও প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছিলেন, একটি গণমাধ্যম ও একটি সাধারণ স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী ও ক্ষতিকর পরিকল্পনা সাজিয়ে রেখেছে। পুরো পরিকল্পনা এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে একের পর এক বিধ্বংসী প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর চরিত্র হনন করা যায় এবং তাঁকে জনগণের তীব্র সমালোচনার মুখে ফেলা যায়।
এ ছাড়া শুভাকাঙ্ক্ষী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি করে তাঁকে একঘরে করার পরিকল্পনাও ছিল বলে জানান ইশরাক। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা ছিল, যাতে একপর্যায়ে তাঁর রাজনৈতিক জীবনের ইতি ঘটতে পারত। একই চক্র অতীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ভয়াবহ অন্যায় পরিকল্পনা করেছিল বলে প্রধানমন্ত্রী তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর প্রতি নিজের আস্থার কথা তুলে ধরে ইশরাক লেখেন, তিনি তারেক রহমানের প্রতি অন্ধ বিশ্বাস রাখা একজন কর্মী। আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সব সময় তাঁর জন্য কোনটি ভালো, তা নিয়ে চিন্তা করেন। জীবনে বারবার তিনি এর প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ করেন ইশরাক।
নিজের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলেন। সেই কাজের সূত্র ধরে তৈরি হওয়া ভয়াবহ একটি চক্রান্ত থেকে তিনি নিজেকে সরিয়ে রেখে রক্ষা করতে পেরেছেন।
তিনি আরও লেখেন, এসব কথা তিনি শুধু একটি স্ট্যাটাস দেওয়ার জন্য বলছেন না। সবাই তাঁর কথাগুলো দেখবেন। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তাঁকে যা বলেছিলেন, তার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখে তিনি অবাক হচ্ছেন বলেও জানান।
স্ট্যাটাসের শেষাংশে নিজ দলের সুযোগসন্ধানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান ইশরাক। তাঁর দাবি, দলের কেউ আঁতাতকারী হলে এবং তা প্রমাণিত হলে অনুমতি নিয়েই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।
এস এম/ ২২ অক্টোবর ২০২৬
