অস্ট্রেলিয়া সফরেও হতাশা কাটাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডেতে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা।
ব্রিসবেনে টসের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকের সুবাদে দেড়শ রানের গণ্ডি পেরোয় দলীয় সংগ্রহ। শারমিন ৯৩ বলে করেন ৫০ রান। অন্যদিকে স্বর্ণা ৭১ বলে ৫৪ রান করেন। ওয়ানডে ক্রিকেটে এটি তাঁর প্রথম অর্ধশতক।
তবে দুজনের লড়াকু ব্যাটিংয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দল। অস্ট্রেলিয়ার হয়ে ১৬ রান খরচায় ৪ উইকেট নেন মেগান স্কট। অ্যানাবেল সাদারল্যান্ড পান ২ উইকেট।
জবাবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও জয়ের পথে বাধার মুখে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ ও অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এমএ
