আজকাল ওয়েবডেস্ক: লন্ডনের রাজপথে কোকেন খেয়ে করে অচৈতন্য হয়ে পড়ার পর শিশু অবহেলার দায়ে দোষী সাব্যস্ত হলেন আবুধাবির রাজপরিবারের পুত্রবধূ মাহরা আল নাহিয়ান। মঙ্গলবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ৩২ বছর বয়সী মাহরা নিজের বিরুদ্ধে ওঠা শিশু অবহেলার অভিযোগ স্বীকার করে নেন।
ঘটনাটি ঘটে চলতি বছরের জুন মাসে পশ্চিম লন্ডনের একটি ব্যস্ত রাস্তায়। অতিরিক্ত কোকেন নেওয়ার পর মাহরা এবং তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি রাস্তার উপরেই সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় লুটিয়ে পড়েন। অথচ সেই সময় তাঁদের সঙ্গে থাকা বছর তিনেকের এক শিশু খালি পায়ে বিপজ্জনকভাবে দ্রুতগামী গাড়ির খুব কাছে একা খেলা করছিল। পথচারীরা তা দেখতে পেয়ে এগিয়ে আসেন এবং পুলিশ আসার আগে পর্যন্ত শিশুটিকে নিরাপদে আগলে রাখেন।
ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। সেখানে ড্রাগ ব্যবহারের সরঞ্জাম মিললেও কোনও মাদক সরাসরি পাওয়া যায়নি। হুঁশ ফেরার পর মাহরা পুলিশ ও পথচারীদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করে বলে ওঠেন, এটি কোনও কসাইখানা নয়, তাহলে আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন? পরবর্তীতে জানা যায়, শিশুটির সঙ্গে তাঁর সম্পর্কের কথা আদালত বা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি।
আবুধাবির শাসক রাজপরিবারের সদস্য হিসেবে মাহরা প্রতি মাসে প্রায় ৮ হাজার ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় দশ লাখ টাকারও বেশি হাতখরচ পান। বিশ্বের অন্যতম ধনী পরিবারের এই সদস্যের এমন পরিণতি প্রকাশ্যে আসতেই আলোড়ন সৃষ্টি হয়েছে।
আদালতে মাহরার আইনজীবী স্টিফেন ভুলো জানান, নিজের ভুলের জন্য মাহরা গভীরভাবে অনুতপ্ত এবং তিনি মাদকের আসক্তি থেকে পুরোপুরি মুক্তি পেতে চাইছেন। বর্তমানে সারির ওকিংয়ের প্রায়োরি ক্লিনিকে তাঁর তিন মাসের ডি-অ্যাডিকশন চিকিৎসা চলছে। এই মেয়াদ শেষ হলে ক্লিনিকের কাছেই একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি নারকোটিক্স অ্যানোনিমাস-এর অধিবেশনে নিয়মিত যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।
সব দিক বিবেচনা করে বিচারক মাহরাকে দুই বছরের কমিউনিটি অর্ডার এবং পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৮ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।
