ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনে দেশটির সরকারের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের (১৫ অক্টোবর) এ হামলায় চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি সামরিক সূত্র।
দক্ষিণাঞ্চলীয় শহরটির বাসিন্দারা বৃহস্পতিবার বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতেও দেখেছেন এক সাংবাদিক। আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ নামে পরিচিত ভবনটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত হয়।
বিজ্ঞাপন
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় পুলিশের তিনটি সূত্র জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে আঘাত হেনেছে। পরে সরকারি সামরিক সূত্র হতাহতদের সংখ্যা নিশ্চিত করে।
ইরানপন্থি হুথিদের সমর্থক গণমাধ্যম জানিয়েছে, এডেনের আল-মাশিক প্রাসাদে সৌদি কর্মকর্তাদের নেতৃত্বাধীন সামরিক অভিযানের সদর দপ্তর ও তাদের অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, হুথিরা দেশটির মধ্যাঞ্চলীয় শহর মারিবে ‘বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও তেলসমৃদ্ধ অঞ্চলটিতে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
নতুন করে তীব্র হয়েছে গৃহযুদ্ধ
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধ কয়েক বছর স্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাইয়ে আবারও তীব্র হয়ে ওঠে। এরপর হুথিরা দ্রুতগতির সামরিক অভিযান চালিয়ে লোহিত সাগর উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।
বিজ্ঞাপন
গোষ্ঠীটি সৌদি আরবকে লক্ষ্য করেও বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে।
হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের পাল্টা হামলা এবং সরকারি বাহিনীর পাল্টা অভিযান এখন পর্যন্ত সফল হয়নি। হুথিরা এরই মধ্যে রাজধানী সানাসহ ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলোর বড় অংশ নিয়ন্ত্রণ করছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি
এসএএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
