মাত্র ১১১ দিনে সাঁতরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রায় ৯০০ মাইল দীর্ঘ উপকূল পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন ৩৩ বছর বয়সী মার্কিন মুক্ত জলরাশির সাঁতারু ক্যাথরিন ব্রিড। গত ১ জুলাই ওরেগন সীমান্ত থেকে শুরু হওয়া তাঁর এই দুঃসাহসিক অভিযান শেষ হয় ১৯ অক্টোবর মেক্সিকো সীমান্তের টিজুয়ানায়।
প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা খোলা সমুদ্রে সাঁতার কেটেছেন ক্যাথরিন। দীর্ঘ এই অভিযান শেষে নিজের অর্জনকে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা তুলে ধরেন এই সাঁতারু।
চার মাসের কাছাকাছি সময় ধরে চলা এই যাত্রা মোটেও সহজ ছিল না। সমুদ্রের প্রতিকূল আবহাওয়া, শক্তিশালী স্রোত এবং ঢেউয়ের কারণে বারবার পথ পরিবর্তন করতে হয়েছে তাঁকে। এল নিনোর প্রভাবে বৈরী আবহাওয়ার মুখে পড়ায় বেড়ে যায় সাঁতারের সময় ও দূরত্বও।
দীর্ঘ এই অভিযানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর একটি ছিল মাকো হাঙরের মুখোমুখি হওয়া। সমুদ্রের দ্রুতগতির শিকারি হিসেবে পরিচিত এই হাঙর দেখার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে দলের ক্যাপ্টেন মেইসি ব্রিস্টো তাঁকে নিরাপদে ৫২ ফুট দীর্ঘ সহায়ক নৌকায় তুলে নেন।
ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক কুইন ফিটজগেরাল্ড বলেন, এল নিনোর প্রতিকূল পরিস্থিতির মধ্যে এমন উচ্চাভিলাষী অভিযান সফল করা ক্যাথরিনের অসাধারণ দক্ষতার প্রমাণ।
নিজের এই ঐতিহাসিক অর্জনের পর ক্যাথরিন তাঁর অভিযানের সঙ্গে যুক্ত পুরো দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘ সময় সমুদ্রে কাটানোর পর আপাতত বিশ্রাম নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ জন্য মধ্য আমেরিকায় এক বন্ধুর বিয়েতে যোগ দিতে যাবেন তিনি। পরে সমুদ্র সংরক্ষণ এবং বড় লক্ষ্য অর্জনে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে নিজের অভিযানের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরতে চান এই সাঁতারু।
প্রতিকূল প্রকৃতি, দীর্ঘ শারীরিক পরিশ্রম ও নানা বিপদের মধ্যেও লক্ষ্য অর্জনের এই গল্প নতুন করে দেখিয়ে দিল, অসাধারণ অধ্যবসায় ও দলগত সহযোগিতা থাকলে কঠিন চ্যালেঞ্জও জয় করা সম্ভব।
The post ৯০০ মাইল সাঁতরে ইতিহাস মার্কিন নারীর appeared first on ভোরের চেতনা.
