টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে; এ সময় দুটি মোবাইল ফোন ও পাচারকাজে ব্যবহৃত তিনটি ইজিবাইক জব্দ করা হয়।
কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় দুটি মোবাইল ফোন ও মাদক পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক তিনটি ইজিবাইক তল্লাশি করে ইয়াবা, দুটি মোবাইল ফোন ও তিনটি ইজিবাইকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় একজন ইজিবাইকচালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
