মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে এমন দাবি করেছে ভ্যানিটি ফেয়ার। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রথম মেয়াদে ডাচ গোয়েন্দারা কুশনারের আইফোনের কার্যক্রম পর্যবেক্ষণ করে এসব লেনদেনের তথ্য পান।
অভিযোগ রয়েছে, ট্রাম্পের মাধ্যমে এসব দেশের স্বার্থ হাসিলের বিনিময়েই এই লেনদেনগুলো করা হয়েছিল।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, আমিরাত সংশ্লিষ্ট একটি ব্যাংক হিসাবে বিপুল অর্থ জমা হয়েছিল, যেখানে কুশনার স্বাক্ষরকারী হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের নেতাদের উদ্যোগে কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি হিসাবে অন্তত ২০০ কোটি ডলার জমা দেওয়ার অভিযোগও করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথিত লেনদেনের বিষয়ে কুশনারকে পরামর্শ দিয়েছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।
অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন কুশনার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিবেদনে ব্যাংক স্টেটমেন্ট, অর্থ স্থানান্তরের নথি কিংবা লেনদেনের তারিখের মতো কোনো যাচাইযোগ্য প্রমাণ দেওয়া হয়নি। তার আইনজীবী চ্যাড মিজেলও অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন। মামলা করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সব ধরনের বিকল্পই বিবেচনায় রয়েছে।’
সূত্র: এনডিটিভি
আরএ
