সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আজেল নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তার। মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটক করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে বিচারিক আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই রায় বহাল রাখার পর রাজকীয় ফরমানের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীরের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা ও বিচারব্যবস্থা বজায় রাখা এবং পবিত্র মসজিদের মর্যাদা ক্ষুণ্নকারী অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তবে এ ঘটনায় বাংলাদেশের দুই নাগরিকের পরিচয়, মামলার বিস্তারিত তথ্য এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো স্পষ্ট নয়।
