মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও অনুষ্ঠিত হবে বিশেষ স্মরণানুষ্ঠান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লালন সাঁইয়ের গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানাতেই এসব আয়োজন করা হচ্ছে। জাত-ধর্মের বিভাজন পেরিয়ে মানুষের পরিচয় ও মানবসত্তার অনুসন্ধানে লালনের দর্শন আজও সমান প্রাসঙ্গিক।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় স্মরণানুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহা. হারুন-অর-রশীদ।
স্মরণানুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পরিবেশনায় অংশ নেবেন দেশের খ্যাতিমান লালনশিল্পীরা। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
এ ছাড়া একই দিন দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় লালন সাঁইয়ের জীবন, গান ও দর্শন নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকেরা জানিয়েছেন, শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য স্মরণানুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এসব আয়োজনের অন্যতম লক্ষ্য।
The post লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান appeared first on ভোরের চেতনা.
