স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা চাঁদাবাজ চক্রের সদস্য। তারা বিভিন্ন স্থানে নির্মাণকাজ চলাকালে কিংবা ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেন।
বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, বুধবার রাতে এ জে আর কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে বুধবার রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয় আরও তিনজনকে।
গত মঙ্গলবার সন্ধ্যায় হাজারীবাগের সিকদার মেডিকেলের পেছনে মেন্ডি ডেন্টাল রোডে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হেলমেট ও মাস্ক পরা ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। প্রায় ১৮ মিনিট ধরে তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে হাজারীবাগ থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিন। মামলায় অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ওয়্যারহাউজ থেকে একটি সিসকো কোর, একটি রাউটার, বিভিন্ন চ্যানেলের সাতটি ডাহুয়া এনভিআর, ১০ টেরাবাইটের ৩৮টি হার্ডডিস্ক, একটি সার্ভার র্যাক, ৪০টি দুই মেগাপিক্সেল ক্যামেরা, আটটি সিপিইউ, আটটি মনিটর ও একটি ল্যাপটপ লুট করে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ টাকা। এ ছাড়া নগদ অর্থ লুটের অভিযোগও করা হয়েছে।
