বিভিন্ন মাধ্যমে স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ছড়ানো খবরের ‘ভিত্তি নেই’ বলে দাবি করেছেন নির্মাতা ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পাশাপাশি তার ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার তথ্য তুলে ধরে একটি সাইবার অপরাধী গ্রুপ ‘উল্লাস’ করছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
শনিবার সকাল থেকে ফেইসবুক একাউন্ট হ্যাক হয়েছে জানিয়ে ফারুকী বলেন, “আজ সকাল বেলা ঘুম থেকে উঠে দেখলাম এই ঘটনা। অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। বাংলাদেশের একটা সাইবার অপরাধী গ্রুপ, তারা এটা করে বিভিন্ন গ্রুপে সেলিব্রেট করছে। আমার কাছে স্ক্রিনশট আছে। আইনশৃঙ্খলা বাহিনীর এগুলো নিয়ে তৎপর হওয়া দরকার, এগুলোতো নাগরিক নিরাপত্তার বিষয়।”
অনলাইনে ছড়ানো বিচ্ছেদের গুজব ও কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত এ বিষয়ক সংবাদে কান দেওয়ার মত সময় তার নেই বলেও মন্তব্য করেন তিনি।
ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পক্ষে মোস্তফা সরয়ার ফারুকীর দেওয়া স্ক্রিনশট।
ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন, “ওই নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মত সময় আমার নেই।”
বিদেশে স্থাবর সম্পত্তি থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাকে ‘কৌতুকপ্রদ’ আখ্যা দিয়ে ফারুকী বলেন, “সবচেয়ে কৌতুকপ্রদ বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডে একটা লোকের বাড়ি থাকা, এটা তো যে কেউ সার্চ দিলেই বের করে ফেলতে পারে। এসব অপপ্রচার আমাকে নিয়ে আগেও ছিল। বরং এসব অপ্রাসঙ্গিক বিতর্ক এড়িয়ে আমার কাজের খবর নিয়ে নিয়ে লিখুন।”
বর্তমানে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তথ্য দিয়ে তিনি বলেন, “একটা বিজ্ঞাপন হচ্ছে সফটওয়্যার নিয়ে, আর একটা বিজ্ঞাপন হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস এর। এই দুইটার শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ এবং দক্ষিণ কোরিয়ায়।”
অচিরেই তৃতীয় আরেকটি বিজ্ঞাপন তৈরি করবেন জানিয়ে ফারুকী বলেন, “আরেকটা বিজ্ঞাপনের শুটিং শুরু হবে সামনে। সেখানে একজন সেলিব্রেটি থাকবেন। সেটা কে হয়তো আগামী একদিনের মধ্যে বলতে পারব।”
দুইটি চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন তথ্য দিয়ে এই নির্মাতা বলেন, “চলচ্চিত্রের স্ক্রিপ্টের একটা হচ্ছে প্রেমের গল্প, থ্রিলার টাইপের না। প্রেমের সংজ্ঞাও বদলে যাচ্ছে এখন নতুন জেনারেশনের। এই নতুন নতুন সংজ্ঞার প্রেম ধরার চেষ্টা করছি। জেন-জি জেনারেশন আরকি। তাদের প্রেমের ব্যাপারটা কি দাঁড়ায় সেটা দেখার চেষ্টা করছি এই সিনেমাতে। এটার স্ক্রিপ্ট প্রায় লেখা শেষ। এটার আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’।
“আরেকটা হচ্ছে পলেটিক্যাল ব্যাকড্রপের স্টোরি, সেটাও আমরা শেষ করতেছি। কোনটি আগে শুরু হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।”
এদিকে ‘বিচ্ছেদ গুঞ্জন’ প্রসঙ্গে জানতে নুসরাত ইমরোজ তিশাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
দীর্ঘদিন ধরে শোবিজে পরিচিত ফারুকী ও তিশা দম্পতি ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন। ২০২২ সালে জন্ম নেয় তাদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
দীর্ঘ ক্যারিয়ারে তিশা টিভি নাটক ছাড়াও ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’, ‘মায়াবতী’ ও ‘ফাগুন হাওয়ায়’ সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তৌকির আহমেদের পরিচালনায় ‘হালদা’ ও অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ সিনেমার জন্য দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
অন্যদিকে ১৯৯৯ সালে নির্মাণ শুরু করা মোস্তফা সরয়ার ফারুকী ‘ছবিয়াল’ এর ব্যানারে ‘স্পার্টাকাস ৭১’, ‘একান্নবর্তী’, ‘সিক্সটিনাইন’ ও ‘৪২০’- সহ একক ও ধারাবাহিক নাটক তৈরি করেছেন। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ও ‘ডুব’-এর মত আলোচিত চলচ্চিত্র তৈরি করেছেন।
সবশেষ তিনি ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নামে একটি সিনেমা তৈরি করেন; যেটি ২০২৪ সালে মুক্তি পেয়েছিল। এরপর আর চলচ্চিত্রে পাওয়া যায়নি তাকে।
