ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ নির্বাচিত হয়েছেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে সিনেট ভবনের ডিইউএএ (উটঅঅ) ফ্লোরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আনন্দঘন পরিবেশে গেট-টুগেদার আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপস্থিত সব সদস্যের মতামত ও সম্মতির ভিত্তিতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
পরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী আংশিক কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে বশির আহমেদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান পলাশ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক পদে কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ পদে মো. ফখরুল ইসলাম খান এবং দপ্তর সম্পাদক পদে আল আমিন মিরা মনোনীত হন।
সভায় বক্তারা বলেন, হলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ আরও জোরদার করে সূর্যসেন হলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি উপস্থিত সদস্যরা সংগঠনের যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
