হলিউডে পাঁচ দশকের রাজত্ব, টম ক্রুজের ঝুলিতে নতুন স্বীকৃতি
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
হলিউডে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন এবং চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন টম ক্রুজ।
বুধবার এএফআইয়ের পরিচালনা পর্ষদ এ ঘোষণা দিয়েছে। আগামী ২০২৭ সালের ২৪ এপ্রিল লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া টম ক্রুজ অভিনেতা ও প্রযোজক—দুই পরিচয়েই হলিউডের অন্যতম প্রভাবশালী তারকা।
দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রেইন ম্যান’, ‘এ ফিউ গুড ম্যান’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘দ্য লাস্ট সামুরাই’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের একাধিক ছবি।
এক বিবৃতিতে এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন ক্যাথলিন কেনেডি বলেন, ‘টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত এক আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। সিনেমার প্রতি তার গভীর বিশ্বাস এবং মানুষকে একত্রিত করার ক্ষমতার বিষয়টি আমাকে বিশেষভাবে মুগ্ধ করে। চলচ্চিত্রের প্রতি এই আবেগই তাকে বিশ্বজুড়ে মার্কিন সিনেমার একজন অসাধারণ দূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’
অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিকবার অস্কারের মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে এবং ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি। এ ছাড়া ২০২২ সালের অস্কারে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রযোজক হিসেবে সেরা চলচ্চিত্র বিভাগেও মনোনীত হন এই তারকা।
২০২৫ সালে চলচ্চিত্রে অবদানের জন্য অ্যাকাডেমির গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সম্মানসূচক অস্কার পান টম ক্রুজ। এবার এএফআইয়ের লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের অর্জনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক স্বীকৃতি। এর আগে এই সম্মাননা পেয়েছেন এডি মারফি, নিকোল কিডম্যান, জুলি অ্যান্ড্রিউস, ডেনজেল ওয়াশিংটন ও জর্জ ক্লুনির মতো তারকারা।

এদিকে সম্প্রতি আলেহান্দ্রো গনসালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন টম ক্রুজ। ছবিতে ডিগার রকওয়েল নামের এক ধনী, দাম্ভিক ও খামখেয়ালি তেল ব্যবসায়ীর চরিত্রে দেখা গেছে তাকে। চরিত্রটির চেহারা ও সাজসজ্জায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, ফলে পর্দায় তাকে প্রায় চেনাই যায় না। গ্রিনল্যান্ডে তেল উত্তোলনকেন্দ্রিক এক বিপর্যয় থেকে বিশ্বব্যাপী পরিবেশগত সংকট তৈরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প।
‘ডিগার’-এ কর্পোরেট লোভ, জলবায়ু পরিবর্তন এবং বনায়নের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো বিষয় তুলে ধরা হয়েছে। ছবিটিতে টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছেন রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হুলার, মাইকেল স্টালবার্গ ও জেসি প্লেমনস। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটির অর্থায়নেও যুক্ত ছিলেন টম ক্রুজ।
তবে আলোচনার কেন্দ্রে থাকলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি ‘ডিগার’। এএফপির তথ্য অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহ পর উত্তর আমেরিকায় ছবিটির আয় দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ ডলার এবং বিশ্বব্যাপী আয় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ডলার। বড় বাজেটের এই সিনেমার কারণে মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৪ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বক্স অফিসে ‘ডিগার’-এর হতাশাজনক ফলের মধ্যেও চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও পেশাগত নিষ্ঠার জন্য নতুন সম্মাননা পেতে যাচ্ছেন টম ক্রুজ। আগামী বছরের এপ্রিলে এএফআইয়ের বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হবে আরেকটি উল্লেখযোগ্য অর্জন। হিন্দুস্তান টাইমস
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
