প্রকাশিত: ১৬:২২, ১২ অক্টোবর ২০২৬
গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষায় ১৫২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৮ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে আরো ১ হাজার ৪২১ শিশুর শরীরে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষায় ১৫২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ২৬৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১০২ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৬ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ২২ হাজার ৫৭৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
