গুঞ্জনের অবসান, রিভস বললেন ‘আমি ব্যাটম্যান ছাড়ছি না’
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমার শেষ পর্যায়ের শুটিংয়ে পরিচালক ম্যাট রিভসকে সহায়তা করতে এগিয়ে এসেছেন নির্মাতা স্টিভেন সোডারবার্গ। তবে এ নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে ম্যাট রিভস স্পষ্ট করেছেন, তিনি সিনেমাটি ছেড়ে যাচ্ছেন না।
ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতির কারণে কিছুদিন ধরে সিনেমাটির শুটিং থেকে বিরতিতে রয়েছেন ম্যাট রিভস। এর মধ্যেই খবর ছড়ায়, সিনেমাটির শেষ পর্যায়ের শুটিংয়ের দায়িত্ব সামলাতে পারেন ‘ট্রাফিক’ ও ‘ওশানস ইলেভেন’-খ্যাত নির্মাতা স্টিভেন সোডারবার্গ।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাট রিভস লেখেন, ‘বিষয়টি স্পষ্ট করে বলতে চাই, আমি “দ্য ব্যাটম্যান পার্ট টু” ছাড়ছি না। এই কঠিন সময়ে আমাকে সহায়তা করতে এবং মূল শুটিং শেষ করতে এগিয়ে আসায় স্টিভেনের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। সবার উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ।’
এদিকে ম্যাট রিভসের পরিচালনার প্রশংসা করেছেন স্টিভেন সোডারবার্গ। তার ভাষায়, এখন পর্যন্ত সিনেমাটিতে ম্যাটের কাজ ‘অসাধারণ, সুচিন্তিত, স্বতন্ত্র এবং সুসংগত’।
সোডারবার্গ জানিয়েছেন, ম্যাট রিভস ও তার নির্মাণ দলের সঙ্গে সমন্বয় করে নতুন কিছু দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। বিদ্যমান দৃশ্যগুলোর সঙ্গে নতুন ফুটেজ এমনভাবে যুক্ত করা হবে, যাতে সিনেমাটির সামগ্রিক নির্মাণশৈলীতে কোনো অসংগতি না থাকে এবং যথাযথভাবে কাজ শেষ করা যায়।
স্টুডিওর এক প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, ম্যাট রিভসকে সহায়তার প্রস্তাব নিয়ে সোডারবার্গ নিজেই এগিয়ে এসেছেন। সিনেমাটির শেষ কয়েক সপ্তাহের শুটিং সম্পন্ন করতে তিনি সহযোগিতা করবেন। এ কাজে ডিসি স্টুডিওসেরও পূর্ণ সমর্থন রয়েছে।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েলটিতে নাম ভূমিকায় ফিরছেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটিতে আরও অভিনয় করছেন স্কারলেট জোহানসন, সেবাস্টিয়ান স্ট্যান, কলিন ফারেল, জেফরি রাইট ও অ্যান্ডি সার্কিস।
২০২২ সালের সিনেমাকন অনুষ্ঠানে ঘোষণা দেওয়ার পর থেকেই সিনেমাটি মুক্তি নিয়ে একাধিকবার পিছিয়েছে। সবশেষ ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ১৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-এর। সিনেমা এক্সপ্রেস
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
