মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ২৮ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে (বিসিবি)। সর্বশেষ আফগানিস্তান টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার এবং খালেদ আহমেদ। ফিরেছেন তাসকিন আহমেদ।
সৌম্য-খালেদকে দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘ওয়ানডে (ত্রিদেশীয়) সিরিজ সৌম্যর ভালো যায়নি। ২ ম্যাচ আগেই কিন্তু জিম্বাবুয়েতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। এই সিরিজের দলে নেই কারণ এখন প্রথম শ্রেণির খেলা খেলছে। এখানে একাদশে পরিবর্তনের সুযোগ কম। সৌম্যর একাদশে খেলার সুযোগ কম, ফলে আমরা চাই সে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। আমরা চাই প্রথম শ্রেণির ম্যাচ তারা খেলুক, সে কারণেই তৃতীয় ওপেনার রাখিনি।’
সৌম্যকে দলে ফেরানোর প্রসঙ্গে বাশার জানান, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের মনে হয়েছিল তখন সে সেরা অপশন ছিল। বাকিরা সেভাবে অত প্রস্তুত ছিল না। সেখান থেকেই সৌম্যকে ফেরানো। এখানে প্রস্তুতি ম্যাচেও অনেককে দেখেছি আমরা। দক্ষিণ আফ্রিকাতে তৃতীয় ওপেনার হিসেবে অবশ্যই কেউ না কেউ যাবেন। সেটা কে হবে পরে ঠিক করব। এখন আমাদের চিন্তা তৃতীয় ওপেনার হিসেবে যাকে বিবেচনা করছি, আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক। এই দলে থাকলে সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটটা মিস করত, তাই সৌম্য নেই।’
খালেদকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার বাড়তি সুযোগ দেওয়া নিয়ে বাশার জানালেন, ‘এখন যারা খেলছে ইবাদত, শরিফুল, হাসান, তাসকিনও ফিরেছে। এখানে খালেদের সুযোগটা কম। সামনে দক্ষিণ আফ্রিকাতে বা পরের ম্যাচেও খালেদ ফিরতে পারে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটকে অনেক গুরুত্ব দিচ্ছি। যারা একাদশে খেলবে না, তাদেরকে আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক।’
এসএইচ/এফএইচএম
