খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে গুলি করে ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ দল এ অভিযান চালায়।
এসআরবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট রাতে রূপসা উপজেলার ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের একটি ইটভাটার কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে গুরুতর আহত ফখরুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ফখরুলের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে।
গ্রেপ্তারের পর আব্দুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
