কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে বিকল্প লাইন দিয়ে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লাকসাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রেললাইনে থাকা পাঁচটি বগি নাঙ্গলকোট স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। লাইনচ্যুত চারটি বগি ও ইঞ্জিন উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ করছে।
এর আগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে বিকেল ৫টা থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়।
