নিজস্ব প্রতিবেদক · ১৬ অক্টোবর, ২০২৬ ৩:১৯ অপরাহ্ন
সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরের রাজারগলি এলাকায় ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সরকার দায়িত্ব গ্রহণের পর এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য পাওয়া না গেলে কোনো দরিদ্র পরিবার এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এ জন্য উপযুক্ত কর্মী নিয়োগের পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংগৃহীত তথ্য ডাটাবেজে সংযুক্ত করতে তথ্য সংগ্রহকারীদের ট্যাব সরবরাহ করা হয়েছে। তিনি তথ্য সংগ্রহকারীদের নির্ভুলভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, দেশের অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সহসভাপতি সৈয়দ রাজন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি এজাহারুল হক, সাধারণ সম্পাদক নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী, রাজারগলি সমাজকল্যাণ সংঘের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী এবং সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম।
গুগলে আমাদের খবর পেতে
