প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেক এলাকায় সনাতন ধর্মাবলম্বী মানুষদের পবিত্র এই বৃহৎ উৎসব যাতে উৎসবমুখর পরিবেশে হতে পারে, তার জন্য সব ধরনের সহযোগিতা সরকার এবং দলের পক্ষ থেকে অব্যাহত রাখতে। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বরিশালের গৌরনদী উপজেলাধীন সব পূজাম-পের সভাপতি ও সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের অংশগ্রহণে বার্থী কালী মন্দিরে প্রস্তুতি পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ। বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ পূজাম-প কমিটির নেতারা।
জহির উদ্দিন স্বপন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের আয়োজন ও আনন্দ অনেক দীর্ঘ পুরাতন একটি প্রথা। এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন। এটি বাংলাদেশের জন্য উৎসবের দিন এই কারণে, আমাদের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী।
তিনি আরও বলেন, আমাদের সরকার গঠন করার পরে প্রথমবারের মতো এই পূজা পার্বণের অনুষ্ঠানকে সরকারের পক্ষ থেকে দেখভাল করার দায়িত্ব নিয়েছি। পূজনীয় ভক্তবৃন্দ যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এই ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গিয়েছেন, তখনই প্রধানমন্ত্রী তাদের প্রত্যাশার চেয়েও আরও অনেক বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।