‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অগ্নিকাণ্ড, বজ্রপাত ও ভূমিকম্পের সময় আত্মরক্ষার করণীয় বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ এখন আমাদের বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি যত বেশি থাকবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইএন/এসএ
