কালীপুজোয় বারাসতের রাস্তায় উপচে পড়ে মানুষের ভিড়। শহরের এই ঐতিহ্যবাহী উৎসবে দর্শনার্থীদের যাতায়াত মসৃণ করতে তাই আগেভাগেই রাস্তার উন্নয়নে জোর দিল পুরসভা। বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। এরপরই মঙ্গলবার শহরের ৬৫টি রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হল।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুজোর পর আরও ১০টি রাস্তার কাজ শুরু হবে। সব মিলিয়ে উন্নয়নের আওতায় আসছে ৭৫টি রাস্তা। বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডে রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে বাসিন্দাদের একাংশের। কালীপুজোর সময়ে জনসমাগম বাড়লে ভাঙাচোরা রাস্তায় যাতায়াতের সমস্যা আরও বাড়ার আশঙ্কা থাকে। সেই দুর্ভোগ কমাতেই উৎসবের আগে কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে প্রশাসন। পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে ১০ কোটি টাকার কাজের ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই জারি হয়েছে।
মঙ্গলবার প্রকল্পের সূচনা করেন বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ আধিকারিক-সহ অন্যান্যরা। শংকর বলেন, “আমার লক্ষ্য রাস্তার পুরোপুরি ভোল পরিবর্তন। মানুষের প্রথম চাহিদা রাস্তা। সেই চাহিদা পূরণ করাই আমার লক্ষ্য।” পাশাপাশি, শহরের অন্যান্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, “রাস্তার পাশাপাশি নিকাশি, পথবাতি ও জঞ্জাল সমস্যারও দ্রুত সমাধান হবে।”
