ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৬০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন এবং ৫ জন আহত হয়েছেন ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এঘটনা ঘটে ৷ আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহত মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত রেজাউল মুন্সির ছেলে।
নিহত ব্যক্তির ভাতিজা খোকন জানান, মো. আলী যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
বোরহানউদ্দিন থানার এসআই মেহেদী হাসান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয় ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাব আলী বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন ৷
এমএইচ
