কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে সাগরপাড় লাগোয়া দ্য সি প্রিসেন্স হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল চারটার দিকে হোটেলটিতে হঠাৎ আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে হোটেলে থাকা দুই শতাধিক অতিথি বাইরে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, হোটেলের নিচে থাকা জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

দ্য সি প্রিসেন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা রয়েছে। আগুন লাগার পরপরই কর্মীদের দক্ষতা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। পর্যটকেরা নিরাপদে আছেন।
