ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, সংঘর্ষের সময় শ্রমিকরা শিল্প পুলিশের দুটি গাড়ি ভাংচুর করেন। এছাড়া শিল্প পুলিশের এক সদস্যকে পিটিয়ে তার হাত ভেঙে দেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মাসিক বেতন ও বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। এসময় আন্দোলনকারীদের হামলায় শিল্প পুলিশের এক সদস্যের হাত ভেঙে যায়। ভাংচুর করা হয় পুলিশের দুটি গাড়িও।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, সংঘর্ষের সময় শ্রমিকরা শিল্প পুলিশের দুটি গাড়ি ভাংচুর করেন। এছাড়া শিল্প পুলিশের এক সদস্যকে পিটিয়ে তার হাত ভেঙে দেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।
পরে বেলা ১১টার দিকে তারা রাজলক্ষ্মী-সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হন। সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এসময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।
