৫২ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৫২ মিনিট আগে
স্টার অনলাইন ডেস্ক
মিশিগানের ডেট্রয়েটে নির্বাচনী সভায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও গভর্নর প্রার্থী জোসেলিন বেনসনের প্রতি সমর্থন জানান। ছবি: এএফপি
মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদকে সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আজ রোববার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেটর পদে এল-সাইয়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিশ্লেষকরা আভাস দিয়েছেন।
ওই নির্বাচনকে সামনে রেখেই ডেমোক্রেটিক দলের এই মুসলিম প্রার্থীর প্রতি সমর্থন জানান সাবেক প্রেসিডেন্ট ওবামা। শনিবার ডেট্রয়টের ক্যাস টেকনিক্যাল হাইস্কুলে প্রায় ৪ হাজার ৩০০ সমর্থকের সামনে এক সমাবেশে তিনি এই সমর্থনের কথা জানান।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত প্রসঙ্গ টেনে ওবামা বলেন, 'আবদুল প্রকৃত পরিবর্তনের জন্য লড়ছেন। এমন পরিবর্তন, যা এই যুদ্ধের অবসান ঘটাবে।'
রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর বিষয়ে এল-সাইয়েদের প্রস্তাবেরও প্রশংসা করেন ওবামা।
তিনি বলেন, ২০১০ সালের অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট দিয়ে 'আমরা যে কাজ শুরু করেছিলাম', এই প্রার্থী তা সম্পন্ন করবেন।
এল-সাইয়েদের ধর্মীয় পরিচয় এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে রিপাবলিকানদের আক্রমণের বিরুদ্ধে অবস্থান নেন ওবামা।
এল-সাইয়েদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। এমন সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণও সামনে আসেনি।
২০০৭ ও ২০১১ সালে নিজের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তার পরিচয় ও ধর্ম নিয়ে ছড়ানো মিথ্যা দাবির সঙ্গে এল-সাইয়েদের বিরুদ্ধে চালানো আক্রমণের মিল খুঁজে পেয়েছেন বলে জানান ওবামা।
ওবামা বলেন, 'এই সিনেমা আমরা আগেও দেখেছি। আমি নিজেই তাতে মূল অভিনেতা ছিলাম।'
তিনি যোগ করেন, 'এসব আমার ক্ষেত্রে কাজ করেনি। মিশিগানে আবদুলের ক্ষেত্রেও এগুলো কাজ করবে না।'
মিশিগানের পাশাপাশি শনিবার ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডেও প্রচারণা চালান ওবামা।
দুই সমাবেশেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের তীব্র সমালোচনা করেন ওবামা।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, বক্তব্যে ওবামা জীবনযাপনের ক্রমবর্ধমান খরচের জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন।
ক্লিভল্যান্ডে ওবামা বলেন, 'বর্তমান প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন।'
'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করেছেন, যেটা কারও কাম্য নয়।'
ওবামা জানান, 'দুই বছর ধরে এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতা দেখা গেছে, যা আধুনিক যুগে নজিরবিহীন। এখন আপনাদের সামনে সুযোগ এসেছে বলার—আর নয়, যথেষ্ট হয়েছে।'
'আমরা এই ওহাইয়োতেই পরিবর্তন আনার জন্য ভোট দিচ্ছি', যোগ করেন তিনি।
জর্জিয়ার পেরিতে রিপাবলিকানদের এক নির্বাচনী সমাবেশের বক্তব্যে গতকাল ট্রাম্প ওবামার চেহারা নিয়ে উপহাস করেন এবং দাবি করেন, ডেট্রয়টের অনুষ্ঠানে সমর্থকদের উপস্থিতি কম ছিল।
ট্রাম্প দাবি করেন, 'আমি দেখলাম বারাক হুসেইন ওবামা মিশিগানে গিয়েছিলেন আর জায়গাটা ছিল ফাঁকা।'
