লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর ভিডিও প্রকাশকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে ফজলে আলী হাজারি (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে আলী হাজারি ওই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মোহাম্মদ মাহফুজ (২৫)সহ সাত থেকে আটজনের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ উঠেছে। মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের শ্যালক মো. আইয়ুব আলী জানান, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিন (১৮) আগে প্রেমের সম্পর্কে ছিলেন। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। অভিযোগ রয়েছে, বিচ্ছেদের পর দেলোয়ার তার সাবেক স্ত্রীকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে জেরিনের আত্মীয়স্বজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। আইয়ুব আলী বলেন, এর ধারাবাহিকতায় জেরিনের খালাতো ভাই মোহাম্মদ মাহফুজ বটতলী বাজারে গিয়ে ফজলে আলী হাজারির কাছে ভিডিও প্রকাশের বিষয়ে জানতে চান।
ফজলে আলী তাকে জানান, দেলোয়ার বাড়িতে নেই। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা যেতে পারে। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে ফজলে আলী হাজারিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করেন আইয়ুব আলী।
স্থানীয়রা আহত ফজলে আলীকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বিআলো/আমিনা