প্রকাশিত: ১৪:১২, ২৪ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত আকরাম সরকার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত আকরাম সরকার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। গ্রেপ্তার মারুফ একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মারুফ শুক্রবার রাত ৮টার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেন। তিনি ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘাতক মারুফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷
উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মারুফ নামে একজনকে আটক করে থানা আনা হয়। শনিবার সকালে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনো জানা যায়নি।
