ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ।
আহতদের চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টির মধ্যে মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমে। এ সময় ভিড়ের চাপে পদদলনের পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল সরু। ঘটনার পর উদ্ধারকাজে পুলিশ, দমকল বাহিনী ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল মোতায়েন করা হয়। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাসপাতালে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
ঘটনা সম্পর্কে তথ্য জানতে পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-৫৬৭৮ এবং ০৩৩-২২১৪১৩১০ চালু রয়েছে।
এনডিটিভি/রয়টার্স/ওয়াইএফ-০১
